৬৪ দশমিক ৯০ শতাংশ মানুষের কাছেই পৌঁছেছে ইন্টারনেট : রাষ্ট্রপতি

১৮ জানুয়ারি, ২০২১ ২০:৫২  
ডিজিটাল বাংলাদেশ বাস্তব রূপ লাভ করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জানিয়েছেন, বর্তমানে দেশের ৬৪ দশমিক ৯০ শতাংশ মানুষের কাছেই পৌঁছে গেছে ইন্টারনেট সংযোগ। উচ্চগতির এই নেটওয়ার্কে সংযুক্ত হয়েছে ৩ হাজার ৮০০ ইউনিয়ন এবং ১৮ হাজার ৪৩৪টি প্রতিষ্ঠান। টেলিডেনসিটি বেড়ে দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৬৮ শতাংশ। ডিজিটাল ডাকঘরে রূপান্তর করা হয়েছে দেশের ৮ হাজার ৫০০ ডাকঘর। নতুন বছরের প্রথম অধিবেশনের শুরুতে সোমবার জাতীয় সংসদে দেওয়া ভাষণে এসব তথ্য তুলে ধরেন তিনি। এসময় ডিজিটাল দক্ষতা উন্নয়নে সরকারের নেয়া নানা উদ্যোগের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। বিকাল সাড়ে ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত ছিলেন। বরাবরের মতো শীতকালীন এই অধিবেশনে রাষ্ট্রপতি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। ১৪৭ পৃষ্ঠার মূল ভাষণের সংক্ষিপ্তসারের এই ভাষণের একটি বড় অংশ জুড়ে ছিলো তথ্যপ্রযুক্তির উন্নয়ন।